দুর্নীতির বিরুদ্ধে সততা ও জবাবদিহিতার বার্তা বহন করে বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বরগুনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে শুনানি পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে। সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বৃদ্ধি করে জনগণের কাছে সেবা প্রদানের মান উন্নয়ন করা দুদকের মূল লক্ষ্য।
গণশুনানিতে বরগুনা পৌরসভা, বিআরটিএ, উপজেলা ভূমি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, পাসপোর্ট অফিস, জেলা প্রশাসন, ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল, এলজিইডি, পুলিশ প্রশাসন, সড়ক বিভাগ, খাদ্য বিভাগ, সমাজসেবা সহ মোট ১৮ দপ্তরের প্রায় শতাধিক অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট ৫৯টি অভিযোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তাৎক্ষণিক শুনানি করা হয়। এর মধ্যে ৫৬টি অভিযোগে সিদ্ধান্ত প্রদান করা হয়, বাকি তিনটি অভিযোগে দুটি বিভাগীয় ব্যবস্থা এবং একটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণশুনানি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগের পরিচালক মো. মোজাহার আলী সরদার এবং বরগুনা জেলার পুলিশ সুপার মো. আল মামুন শিকাদার।
এ সময় জেলার বিভিন্ন এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার , বরগুনা 





















