ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়নের জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী সহ অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলম এর চরফ্যাশনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে মাওলানা ওমর ফারুকসহ জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী ও -সমর্থক নিয়ে দলে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন, ‘বিএনপির কার্যক্রমে আস্থা রেখে গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান দৃষ্টান্ত হবে এবং বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ আরো সুগম হবে।
মাওলানা ওমর ফারুক বলেন, ‘জামায়াতের কার্যক্রমে দীর্ঘদিন অসন্তুষ্ট ছিলাম, বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আজ সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাহেবের হাতে হাত রেখে আমরা বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে থাকতে চাই।’
এদিকে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট এনামুল হক রায়হান বলেন, ‘মাওলানা ওমর ফারুক উপজেলা জামায়াতের কোনো নেতা নন। তিনি আহাম্মদপুর ইউনিয়নের অর্থ সম্পাদক থাকাকালীন অর্থ আত্মসাৎ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হন। শুনেছি উনি একটি দলে যোগ দিয়েছেন। গণতান্ত্রিক দেশে ব্যক্তির দল পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
রিয়াজ ফরাজি (ভোলা) 



















