নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর শিক্ষা, নারী জাগরণ ও সমাজকল্যাণের আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন। এ বিষয়ে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মনির টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষা, নারী উন্নয়ন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফাউন্ডেশনের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।
সভায় নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সাল, সাধারণ সম্পাদক মো. আজাদ সরকার লিটন, সহসভাপতি সাকিনা বেগম, সদস্য নুরুল ইসলাম মজুমদার, হারুন মজুমদার, আবুল বাসার, কামরুল নাহার দীপু, মামুন কবির চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল হক সপন, কবি আবদুল কাইয়ুম, কবি দিল আফরোজা, রুনা আলেয়া আক্তার আলো, আব্বাস উদ্দিন, কবি শিপন হোসেন মানবসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মনিরুল হক চৌধুরী ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর আদর্শ ও সমাজকল্যাণের চেতনাকে সামনে রেখে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা এবং তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নবাব ফয়জুন্নেছার আদর্শ ও অবদানকে দেশব্যাপী তুলে ধরতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 





















