রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের পর সিআইডির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু করে। সিআইডি রংপুরের সহায়তায় নিহত নারীর পরিচয় নিশ্চিত করা হয়। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩ নম্বর আজিজ রোড এলাকার বাসিন্দা মোছা: কামরুন্নাহার। তাঁর পিতা মো. আব্দুল কাফি এবং মাতা মোছা:রেজিয়া বেগম।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ গ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শফিউল মন্ডল (রংপুর) প্রতিনিধি 



















