গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক তরুণী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাহেরা খাতুন (১৮) টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবিন্দা গ্রামের জলিল মিয়ার মেয়ে। তিনি মৌচাকের ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে টিনশেড ঘরের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বামী শামল মিয়া চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে ভোররাতে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
আকাশ আহমেদ তারা-কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 























