রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মমিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ বিতরণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্ব রঞ্জন রায়, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেবা নিতে আসা স্থানীয়রা জানান, এ এলাকায় এর আগে এ ধরনের বৃহৎ পরিসরের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম খুব কমই দেখা গেছে। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচি চালুর আহ্বান জানান।
চিকিৎসাসেবা গ্রহণকারী এক প্রবীণ নারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন,সেনাবাহিনীর দেওয়া চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি খুবই খুশি। আল্লাহ তাদের মঙ্গল করুন।
মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্ব রঞ্জন রায় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে। আমাদের প্রতিষ্ঠানের মাঠে এমন একটি মানবিক কর্মসূচির অংশ হতে পেরে আমরা গর্বিত। এলাকার অসহায় মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষের জন্য সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নয়, মানবিক সহমর্মিতারও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
শফিউল মন্ডল ,রংপুর,প্রতিনিধি: 























