বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। আজ (৫ জুন) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং ধলেশ্বরীর শাখা লৌহজং নদীর পাড়ে বৃক্ষরোপণ করা হয়।
সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক ও সবুজ পৃথিবীর আজীবন সদস্য আমির হোসেন বাবু, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সহিদ মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবিনীগ টাঙ্গাইলের সমন্বয় রবিউল ইসলাম চুন্নু, সবুজ পৃথিবী ধামরাই শাখার সভাপতি দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইদ আল মামুন, টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক এরফানুজ্সজামান রুনু, মীর শামীমুল আলম, হাসান আহমেদ, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, জাফলং সিলেট শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন।
বাপা টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক একদিল হোসেন, আলীম আল রাজী তুষার। এছাড়াও সবুজ পৃথিবীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন। চারা বিতরণের পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাড়ির আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
শহীদ মিনারের কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা কাগমারী ব্রিজের পশ্চিম পাশে লৌহজং নদীর পাড়ে যান। সেখানে নদীর তীর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে সবুজ পৃথিবীর দায়িত্বশীল প্রতিনিধিরা বলেন, “লৌহজং নদী টাঙ্গাইলের প্রাণ। এই নদীর পাড়কে সবুজায়নের আওতায় আনা এবং সাধারণ মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পরিবেশের বিপর্যয় রোধে কেবল একদিন নয়, সারা বছরই আমাদের গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে।”
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ আন্দোলনের কর্মী, যুব সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগঠনটির এমন সবুজ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাঙ্গাইলের সুশীল সমাজ।
স্টাফ রিপোর্টার: সাইদ আল মামুন 























