উত্তরাঞ্চলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থান নীলফামারীর ‘নীলসাগর’ নতুন রূপে সাজছে। পর্যটকদের সুবিধার্থে এবং দীঘির চারপাশকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে বর্তমানে সেখানে পুরোদমে চলছে আধুনিক রাস্তা ও ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের কাজ।
সরেজমিনে নীলসাগর পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায়, দীঘির চারপাশ ঘেঁষে ইন্টারলকিং ব্লক (Interlocking Blocks) দিয়ে টেকসই ও রঙিন রাস্তা তৈরি করা হচ্ছে।
সবুজ পানির সমান্তরালে লাল এবং ধূসর রঙের দৃষ্টিনন্দন ব্লক বিছিয়ে তৈরি করা হচ্ছে এই হাঁটার পথ। রাস্তার পাশে ব্লক সাজিয়ে রাখার পাশাপাশি মাটি ভরাট ও লেভেলিংয়ের কাজ করছেন শ্রমিকরা। পর্যটকেরা যাতে দীঘির শীতল বাতাস উপভোগ করে স্বাচ্ছন্দ্যে পুরো এলাকা ঘুরে দেখতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এই আধুনিকায়ন।
স্থানীয় বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নীলসাগরের ভেতরের রাস্তাগুলো কাঁচা বা আধা-পাকা থাকায় বর্ষা মৌসুমে যাতায়াতে বেশ বেগ পেতে হতো। এই নতুন রাস্তা নির্মাণের ফলে পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি 























