হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলে সড়কে অবস্থান নেন।
হান্নান মাসউদের দাবি, তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। জাতীয় যুবশক্তির জেলা ও ইউনিয়নের আহ্বায়ক হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন। যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়বো না। তিনি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম–এর ওপর হামলা করেছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
নোয়াখালী প্রতিনিধি 





















