টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়ার একটি সরিষা ক্ষেত থেকে শাহাদাত (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়রা সরিষা ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। নিহত শাহাদাত স্থানীয় হোসেন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে জুম্মার নামাজ আদায়ের কথা বলে মালিকের কাছে আইসক্রিমের গাড়ি জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দিনভর ও রাতভর আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন শনিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে সরিষা ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে জীবিত ভেবে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, “স্থানীয়রা বেঁচে আছে ভেবে তাকে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জীবন আহমেদ রাব্বি কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 





















