যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বর্ষবরণের রাত থেকে নিখোঁজ এক ভারতীয় তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর তার সাবেক প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ ওই তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার পর খুনি নিজেই থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এবং লাশ উদ্ধারের আগেই সে পালিয়ে ভারতে চলে গেছে।
নিহত তরুণীর নাম নিকিথা গোধিশালা (২৭)। তিনি পেশায় একজন ডাটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন এবং মেরিল্যান্ডের হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটিতে বসবাস করতেন।
পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা জানান, গত ৩ জানুয়ারি ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে নিকিথার লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। অর্জুন শর্মা নিহত নিকিথার সাবেক প্রেমিক। এ ঘটনায় অর্জুনের বিরুদ্ধে ‘ফার্স্ট ও সেকেন্ড ডিগ্রি’ হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জানুয়ারি অর্জুন শর্মা নিজেই পুলিশে গিয়ে নিকিথার নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন। তখন তিনি পুলিশকে জানিয়েছিলেন, ৩১ ডিসেম্বর তিনি শেষবার নিকিথাকে তার অ্যাপার্টমেন্টে দেখেছিলেন।
পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ দায়ের করার দিনই অর্জুন শর্মা আন্তর্জাতিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। তদন্তকারীদের ধারণা, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরেই নিকিথাকে হত্যা করা হয় এবং লাশ ঘরে রেখে অর্জুন পালানোর ছক কষেন।
হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। অভিযুক্ত অর্জুনকে গ্রেফতারে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। যেহেতু যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হতে পারে।
এদিকে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ধরনের কনস্যুলার সহায়তা দিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























