যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক ভারতীয় তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর সাবেক প্রেমিকের বাসা থেকে ওই তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে অভিযুক্ত প্রেমিক যুক্তরাষ্ট্রে থেকে পালিয়ে ভারতে চলে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত তরুণীর নাম নিকিতা গোডিশালা (২৭)। তিনি যুক্তরাষ্ট্রে ডাটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন এবং হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটিতে বসবাস করতেন। গত ৩ জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। এরপর গত ২ জানুয়ারি তার সাবেক প্রেমিক অর্জুন শর্মা নিজেই থানায় গিয়ে নিকিতার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অর্জুন নিজেও ভারতীয় বংশোদ্ভূত। পুলিশকে তিনি জানিয়েছিলেন, মেরিল্যান্ড সিটিতে তার নিজ বাড়িতেই নিকিতাকে শেষবার দেখা গিয়েছিল।
তদন্তকারীদের ধারণা, পুলিশকে বিভ্রান্ত করতে নিখোঁজ ডায়েরি করার পরপরই অর্জুন শর্মা আমেরিকা ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৩ জানুয়ারি পুলিশ অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়ে নিকিতার মরদেহ উদ্ধার করে। লাশের গায়ে একাধিক গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকেই নিকিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অর্জুন শর্মার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এদিকে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিহত তরুণীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























