মাত্র আট দিন আগে হয় বিয়ে। হাতে মেহেদির রং এখনো শুকায়নি। এরই মধ্যে নববধূ বেছে নিলেন এমন এক পথ। যে পথে কেউ একবার গেলে আর ফিরে আসে না।
ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বেগুয়ার গ্রামে। ওই নববধূর নাম মীম আক্তার (১৭)। তার এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
এদিকে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বাবার বাড়িতে হঠাৎ বিষপান করেন মীম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই নববধূ।
নিহত মীম আক্তার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের উমেদ আলীর মেয়ে। মাত্র আট দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাকিবের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের চার দিন পর স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটে। মীমের ভাই সাব্বির হোসেন বলেন, ‘বিয়ের পর ওরা বেশ ভালোই ছিল। হাসিখুশি ছিল সব সময়। কী কারণে এমন করল, কেউ বুঝতে পারছে না।’ মীমের ভাশুর সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছিলাম মীমের আগে একবার বিয়ে হয়েছিল। তবু আমাদের পরিবারের কেউ বিষয়টি নিয়ে সমস্যা করিনি। ওদের মাঝে কোনো ঝামেলাও ছিল না।’
নববধূর মা রত্না খাতুন বলেন, ‘মীমের একটু মানসিক সমস্যা ছিল। আগেও একবার বিয়ে দিয়েছিলাম, দুই দিনের মধ্যেই ভেঙে যায়। এবার ভেবেছিলাম সব ঠিক হবে। সেদিন জামাই সাকিব আমার ছেলের সঙ্গে মার্কেটে গিয়েছিল, মীম একা ছিল। কখন যে বিষ খেল, কেউ টের পাইনি।’ আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
চুয়াডাঙ্গা প্রতিনিধি 





















