ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক কারপোভ ক্রিলের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, কারপোভ ক্রিল জিগাতলা এলাকায় চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাশিয়ায় থাকা পরিবারের সদস্যরা মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান।
সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে নিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় ক্রিলকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই রাশিয়ান নাগরিক ব্রেইন স্ট্রোকে মারা গিয়েছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।
পাবনা প্রতিনিধি: 




















