রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহি ছোটকুয়া গ্রামের আয়ব আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে গিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে মাহিকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, বাড়ির আশপাশের পুকুরে শিশুদের গোসল ও খেলাধুলার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
























