সাংবাদিকদের অধিকার রক্ষা, সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-হয়রানি বন্ধ এবং সদস্যদের পেশাগত মানোন্নয়নে গতকাল রাতে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা, হামলা ও নানামুখী হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার-এর প্রতিনিধি আমিনুল ইসলাম বাবুর পরিচালনায় সভায় ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা ও সাধারণ সদস্যগণ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সভায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সদস্যদের আপদকালীন সহায়তাসহ সার্বিক কল্যাণ নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কল্যাণমুখী সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সভায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর 




















