চুয়াডাঙ্গায় ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারন খাতুন (৪০) নামে একই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন শাহারন খাতুন। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















