কুমিল্লা ও ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
রবিবার (২ আগস্ট) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
এসময় কুমিল্লার চৌয়ারা বাজার এলাকায় এবং ফেনীর উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি ।
বিজিবি জানায়, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও আন্তসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা 




















