নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে দেশটির সরকার। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ ঘটনার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতির উদ্দেশে ভাষণ দিয়ে শান্ত থাকার আহ্বান জানান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তিনি সব নাগরিক, রাজনৈতিক দল, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে ধৈর্য ও সংযম বজায় রেখে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানান।
জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার সময় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে বিরোধের জেরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। পরে কারফিউ চলাকালে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।
নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সহিংসতা ঠেকাতে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে। যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নেপালের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























