রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ মোট ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ের চরণনারায়ণপুর হাতুয়া ভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল, প্রাইভেটকার চালক মো. ফরিদ, কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ছেলে তাজভীর এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পথচারী ইয়াকুব আলী মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে পাংশাগামী একটি প্রাইভেটকার বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা পাঁচজনসহ এক পথচারী আহত হন।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। তার সঙ্গে একই গাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল এবং তোফাজ্জল হোসেনের ছেলে তাভভীর ছিলেন। কালুখালীর বোয়ালিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, আহতদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 


















