বাগেরহাটের রামপাল উপজেলায় সন্ত্রাসী হামলায় ফকির ইমরান হোসেন পলাশ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার মল্লিকেরবেড় ছোট সন্ন্যাসী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইনতলা ইউনিয়নের শরাফপুর এলাকার ফকির ইমরান হোসেন পলাশ নামের লোকটির নিজ ঘের থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। অভিযোগ উঠেছে, জাহিদ, পলক ও সাজুর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, রড ও হাতুড়ি নিয়ে এ হামলায় অংশ নেয়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পলাশের মাথায় কোপ দেয় এবং রড ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে তাকে রাস্তায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, গত দুই বছর ধরে মল্লিকেরবেড় এলাকায় জাহিদ বাহিনীর একটি প্রভাবশালী চক্র ঘের দখল, মাদক, চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে জড়িত।
তাদের অভিযোগ, এই চক্রের মূলহোতা জাহিদের নামে ঘের দখল চাদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে এলাকায় ভয়ভীতি দেখিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় র্যাব-৬ এর একটি দল জাহিদকে আটক করেছিল। তবে বর্তমানে তিনি এলাকায় ফিরে এসে আবারও দৌরাত্ম্য শুরু করেছেন বলে অভিযোগ। এছাড়া ওই চক্রের সদস্যরা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও সংখ্যালঘু পরিবারের কাছ থেকেও চাঁদা আদায়ের চাপ দিচ্ছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে মোবাইলের সেল ফোনে কল দিয়ে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করতে চান। তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শেখ সাগর আহমেদ-রাপমাল প্রতিনিধি 


















