মার্কিন কমান্ডোদের হাতে নাটকীয়ভাবে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আজ যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। বর্তমানে এই হাই-প্রোফাইল দম্পতিকে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার একটি ডিটেনশন সেন্টারে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি ২০২৬) তাদের আদালতে তোলার কথা রয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আনা ২৫ পৃষ্ঠার দীর্ঘ অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে পড়ে শোনানো হবে। অভিযোগপত্রে বলা হয়েছে, মাদুরো দম্পতি একটি সহিংস অপরাধী চক্রের সহায়তায় যুক্তরাষ্ট্রে কয়েক টন কোকেন পাচারের সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে তারা বিপুল অবৈধ সম্পদ গড়েছেন।
আদালতে তোলার পর বিচারক তাদের দোষ স্বীকার বা অস্বীকার করার সুযোগ দেবেন। তবে মামলার ধরণ ও গুরুত্ব বিবেচনায় তাদের জামিন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে মাদুরোকে যে ব্রুকলিন আটক কেন্দ্রে রাখা হয়েছে, সেটি অতিরিক্ত ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বন্দি সহিংসতার জন্য আগে থেকেই কুখ্যাত।
গ্রেপ্তারের আগে থেকেই মাদুরো এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে আসছিলেন। তার দাবি, তাকে ক্ষমতা থেকে সরাতেই যুক্তরাষ্ট্র এসব ‘মিথ্যা অজুহাত’ তৈরি করেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এখন থেকে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল শিল্পের ওপর ‘পূর্ণ প্রবেশাধিকার’ দাবি করেছেন। কারাকাসে থাকা মাদুরোর ঘনিষ্ঠ নেতা ও কর্মকর্তারা যদি মার্কিন নির্দেশনা মানতে ব্যর্থ হন, তবে নতুন করে সামরিক হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক 























