পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘পিপলস রাইট ফাউন্ডেশন’-এর এক বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) সকালে বাউফল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব মাওলানা মজিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের গত এক বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আর্তমানবতার সেবায় আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম সিদ্দিকুর রহমান, ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল আলিম এবং বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন আল মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক গাজী আনোয়ার হোসেন, সদস্য গোলাম কিবরিয়া সোহেলসহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মোঃ রুবেল হোসেন, বাউফল (পটুয়াখালী) 









