লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতার সাত বছর বয়সী এক কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তাঁর আরও দুই মেয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায়। অগ্নিসংযোগের শিকার বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধ ব্যক্তিরা হলেন—বেলাল হোসেন (৫০) এবং তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। গুরুতর অবস্থায় বীথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে তাঁদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ ব্যবহারের ফলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, “পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এটি একটি নৃশংস সন্ত্রাসী হামলা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক শিশুর মরদেহ উদ্ধার করে। দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 

















