লক্ষ্মীপুর, সোমবার (২০ অক্টোবর ২০২৫):
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী কফিল উদ্দিন ডিগ্রি কলেজে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ ২০২৫’। একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
মেধাবী তরুণ, সাহসী তোমরা; জাগাও মনের ইচ্ছা- এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছিল পুরো আয়োজন। নবীন শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও অনুপ্রেরণার এক মিলনমেলায় পরিণত হয় দিনটি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত দিকনির্দেশনা নিয়ে আয়োজন করা হয় একটি বিশেষ ক্যারিয়ার গাইডলাইন সেশন, যেখানে শিক্ষক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন সফলতার বাস্তবধর্মী দিকনির্দেশনা।
এ ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নবীনদের অংশগ্রহণে অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আকর্ষণীয় উপহার সামগ্রী বিতরণ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলেজের অডিটোরিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
নবীনদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহে পুরো আয়োজনটি হয়ে ওঠে এক উৎসবমুখর, আনন্দঘন দিন-
যেখানে শুরু হয় তাদের নতুন শিক্ষাযাত্রা, নতুন অনুপ্রেরণার পথে।
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক 





















