ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি ঘোষনার পর পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তাল ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও ভোলা টু চরফ্যাশন মহাসড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) রাতে কমিটি ঘোষনার পর তাৎক্ষণিক রাত ৮টার দিকে পলিটেকনিক ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিলটি বোরহানউদ্দিন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
আবারও আজ (১৩ অক্টোবর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে আবারো বিক্ষোভ মিছিল ও মেইন সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মী ও শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এসময় ১ ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে নেতাকর্মীরা ‘নুহিন-শামীমের কমিটি মানি না, মানবো না’, ‘মাই ম্যান কমিটি, মানি না মানবো না’, ‘সুপার সেভেনের কমিটি মানি না, মানবো না’, ‘কারো পকেট কমিটি মানি না, মানবো না’, ‘ত্যাগিদের মূল্যায়ন, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। পরে বোরহানউদ্দিন থানার প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
মিছিল শেষে আন্দোলনকারীরা বলেন, এই কমিটিতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। ব্যক্তিস্বার্থে পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের নীতিবিরুদ্ধ এবং ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।
পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, এই পকেট কমিটি বানিজ্যিক কমিটি বাতিল না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।
এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি আব্দুল জব্বার কলেজ ও ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
রিয়াজ ফরাজি, ভোলা 





















