গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী লং মার্চ করছেন বাবা ও ছেলে। গত ১৬ আগস্ট শুরু হওয়া এ পদযাত্রা শনিবার (২৯ আগস্ট) ১৩তম দিনে এসে যশোরে পৌঁছেছে।
পদযাত্রায় অংশ নেওয়া বাবা-ছেলে এ পর্যন্ত গাইবান্ধা থেকে বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ অতিক্রম করে যশোরে পৌঁছেছেন। দীর্ঘ পথের ক্লান্তি উপেক্ষা করে প্রতিদিন হেঁটে চলার পাশাপাশি বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তারা। এ সময় বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পদযাত্রায় অংশ নেওয়া বাবা-ছেলের দাবি, বালাসীঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে সড়ক ও রেলসেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনেও সময় ও ব্যয় কমবে। বিশেষ করে কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে এবং ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এ রুটে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দাবিটিকে জাতীয় পর্যায়ে জনদাবিতে পরিণত করতেই তারা এ ব্যতিক্রমী লং মার্চের উদ্যোগ নিয়েছেন।
বাবা-ছেলে জানান, তাদের পদযাত্রার চূড়ান্ত গন্তব্য ঢাকা। সেখানে পৌঁছে বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে সেতু ভবনে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা রয়েছে।
এদিকে, তাদের এই দীর্ঘ পদযাত্রা ইতোমধ্যে বিভিন্ন জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পথের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সেতু নির্মাণের দাবিতে জনসম্পৃক্ততা ও সমর্থন বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তারা।
গাইবান্ধা প্রতিনিধি: 























