বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নসহ উপজেলার সকল খাল পুনঃখনন নিয়ে আয়োজিত গণশুনানিতে অংশ নেননি কোনো অভিযোগকারী।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ১২ আগস্ট মল্লিকেরবেড় ইউনিয়নের খাল পুনঃখনন কাজ করার কথা থাকলেও স্থানীয় কিছু ব্যক্তি ও স্বার্থসংশ্লিষ্ট মহলের আপত্তির ভিত্তিতে কাজ বন্ধ রাখা হয়েছিল।
পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গত ১৯ আগস্ট (বুধবার) রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এই গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, রামপাল থানার সেকেন্ড অফিসার উত্তর কুমার এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, খাল পুনঃখনন করা হলে বিভিন্ন ক্ষতি বা অসুবিধা হবে—এমন দাবি তুলে যারা পূর্বে লিখিত বা মৌখিকভাবে আপত্তি জানিয়েছিলেন, গণশুনানির নির্ধারিত দিনে তাদের কেউই সভাস্থলে উপস্থিত হননি।
এদিকে খাল খনন স্থগিত রাখায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ কবির বলেন, এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত এসব খাল পুনঃখনন করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, গণশুনানিতে অভিযোগকারীদের অনুপস্থিতির বিষয়টি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত খাল খননের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ সাগর আহমেদ-রামপাল প্রতিনিধি 























