কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। সে হিসাবে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ।
জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী এবং ৩ হাজার ৯৬৬ জন ছাত্র।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লাসহ ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. সিপন মিয়াসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে অনলাইন ও সংশ্লিষ্ট মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 



















