মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে সদর মডেল থানার একটি আভিযানিক দল শ্রীমঙ্গল সড়কের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়।
তল্লাশিকালে দুটি শপিং ব্যাগে থাকা চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং রাজনগর উপজেলার মুরা (সম্পূর্ণ পরিচয় পুলিশ জানাবে)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবা সংগ্রহ করে মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, নগদ অর্থ ও জব্দকৃত প্রাইভেটকার আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মো. হাসান আহমেদ ইয়ামিন-মৌলভীবাজার জেলা প্রতিনিধি 
























