রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বহুল আলোচিত শিশু সানজিদা আক্তার(৯)হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হিসেবে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভীমপুর কোরানিপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মুজাহিদ ইসলাম ওই এলাকার মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার নিখোঁজ হয়।পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রোববার (২১ জুন) তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভীমপুর কোরানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদ ইসলামকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে আটক যুবকের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতেই তাকে থানা হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন,শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে মুজাহিদ ইসলামকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
তিনি আরও জানান, তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্য সম্পর্কে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এদিকে, মুজাহিদকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সানজিদা হত্যা মামলাটি বর্তমানে তারাগঞ্জসহ পুরো রংপুর অঞ্চলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে স্থানীয় জনগণ।
শফিউল মন্ডল(রংপুর)প্রতিনিধি 




















