নীলফামারীর নতিবাড়ী এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মো. আবু ত্বহা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে পরিবারের অগোচরে নিখোঁজ হয়ে যায় শিশু আবু ত্বহা। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয়দের মধ্যে গুঞ্জন ওঠে, শিশুটিকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যেতে দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীও শিশুটিকে খুঁজতে ব্যাপক অনুসন্ধান চালান।
খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে নতিবাড়ী এলাকার একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত আবু ত্বহা উপজেলার ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী কাঞ্চনপাড়া ময়দানপাড়া এলাকার বাসিন্দা। সে নীল এগ্রো ফিডের হাসানুর রহমানের বড় ভাতিজা রানার ছেলে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি 























