শফিউল মন্ডল,(রংপুর) প্রতিনিধি: রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ফকিরান গ্রামে আদালতের রায়ের ভিত্তিতে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (১১ মে) দুপুরে রংপুরের বিজ্ঞ তারাগঞ্জ সিভিল জজ আদালতের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর জজ ও দায়রা জজ আদালতের নায়েব নাজির মোঃ আখিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ টিম অংশ নেয়।
মামলা সূত্রে জানা যায়, ফকিরান গ্রামের মৃত আছাব উদ্দিনের ছেলে মোঃ নুর ইসলামের মালিকানাধীন জেএল নং-১০ এর সাবেক খতিয়ান নং-৬৭২ ও হাল খতিয়ান নং-৪৯৪ এর দাগ নং-১৭০ এর ৫৪ শতক জমির মধ্যে ৩ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বসতবাড়ি নির্মাণ করেন একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ দুলাল মিয়া, মোঃ সাহেব আলী, শাহ আলম ও মোঃ মাহে আলম গং।
এ ঘটনায় ২০১১ সালে জমির মালিকানা দাবি করে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩২০/১১)। তবে মামলার শুনানিকালে বাদীপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয় এবং নিয়মিত শুনানিতে অংশগ্রহণ না করায় আদালত বিবাদীপক্ষের অনুকূলে রায় দেন।
পরবর্তীতে ডিক্রি প্রাপ্ত বিবাদী মোঃ নুর ইসলাম অবৈধ দখল উচ্ছেদের জন্য রংপুরের বিজ্ঞ তারাগঞ্জ সিভিল জজ আদালতে আরেকটি মামলা দায়ের করেন (ডিং নং-০৪/২৪)। আদালতের নির্দেশ বাস্তবায়নে গত ১১ মার্চ ২০২৪ তারিখে সিভিল কমিশনার, জারিকারক নাজির ও ঢুলি ঘটনাস্থলে উপস্থিত হলে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।
এ প্রেক্ষিতে ডিক্রিধারী পক্ষ গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশের সহায়তা চেয়ে আবেদন করেন। আবেদনের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে রংপুর সিভিল কোর্ট কমিশনারের নির্দেশে নায়েব নাজির মোঃ আখিরুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে নির্মিত বসতঘর ভেঙে জমি উদ্ধার করে বৈধ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায় ও প্রশাসনের উদ্যোগে অবশেষে জমির বৈধ মালিকরা তাদের জমির দখল ফিরে পেয়েছেন। জমির মালিকরা আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করে ন্যায়বিচার পাওয়ার কথা জানান।
শফিউল মন্ডল রংপুর প্রতিনিধি। 

























