ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে হাজির করা হয়েছে। ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে করে তাদের আদালতে আনা হয়। তবে হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরোকে অনেকটা টেনেহিঁচড়ে নামানোর দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার থেকে নামার সময় মাদুরোর হাতে হাতকড়া ছিল এবং তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। হাতকড়া থাকার কারণে তিনি হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না। এ সময় মার্কিন এজেন্টরা তাকে একপ্রকার জোর করে টেনেহিঁচড়ে নিচে নামান। এরপর তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কড়া পাহারায় একটি সাঁজোয়া যানে (Armored Vehicle) তোলা হয় এবং আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হাই-প্রোফাইল এই মামলার বিচারকার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ৯২ বছর বয়সী প্রবীণ বিচারক অ্যালভিন কে হেলারস্টেইনকে। মার্কিন হেফাজতে নেওয়ার পর থেকেই মাদুরো দম্পতিকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























