যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাবলয় ভেদ করার চেষ্টা করা হলে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। স্বস্তির খবর হলো, হামলার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বা তার পরিবারের কোনো সদস্য ওই বাড়িতে অবস্থান করছিলেন না।
সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচ বা বার্তা বিভাগ ও ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দৌড়ে পালাতে দেখে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় পুলিশের সহায়তা চায়। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, হামলাকারী বা দুর্বৃত্তরা বাসভবনের মূল কাঠামোর ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভ্যান্সের বাড়ির জানালার কাঁচ ভাঙা অবস্থায় দেখা গেছে। কীভাবে এই কাঁচ ভাঙল বা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভাইস প্রেসিডেন্ট ও তার পরিবারকে লক্ষ্য করে চালানো সুপরিকল্পিত হামলা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন পর্যন্ত আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আন্তর্জাতিক ডেস্ক 
























