যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের মধ্যে কোন দেশের মানুষ কতটা সরকারি সুযোগ-সুবিধা বা সহায়তা গ্রহণ করেন, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকা অনুযায়ী, দেশটিতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবারই মার্কিন সরকারের দেওয়া বিভিন্ন সহায়তার ওপর নির্ভরশীল।
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি ২০২৬) প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ১২০টি দেশ ও অঞ্চলের এই তালিকা প্রকাশ করেন।
ট্রাম্পের প্রকাশিত এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহায়তাপ্রাপ্তির দিক থেকে বাংলাদেশিরা বেশ এগিয়ে। তালিকায় দেখা যায়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানের ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ৩৪ দশমিক ৮ শতাংশ অভিবাসী পরিবার সরকারি সহায়তা নিয়ে থাকে। তবে বিস্ময়করভাবে ১২০টি দেশের এই তালিকায় দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের নাম থাকলেও ভারতের নাম নেই। ভারতকে কেন এই তালিকার বাইরে রাখা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র সরকার সাধারণত অভিবাসীদের খাদ্য নিরাপত্তা, সরকারি স্বাস্থ্যসেবা এবং আবাসন বা ঘর ভাড়ার জন্য আর্থিক ভর্তুকি বা সহায়তা দিয়ে থাকে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সহায়তা গ্রহণ করে ভুটানের অভিবাসী পরিবারগুলো, যার হার ৮১ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।
আন্তর্জাতিক ডেস্ক 
























