ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন ভূখণ্ড দখলের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটলান্টিক মহাসাগরে অবস্থিত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছাপোষণ করেছেন তিনি। ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়ার প্রভাব মোকাবিলায় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রিনল্যান্ডের চারপাশ চীন ও রাশিয়ার জাহাজে ছেয়ে গেছে। ডেনমার্ক একা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাই জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ড আমাদের চাই।’’
মার্কিন প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবশ্যই গ্রিনল্যান্ড আমাদের কাছে হস্তান্তর করতে হবে এবং তারা বিষয়টি জানে।’’
প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে আটলান্টিক মহাসাগরে অবস্থিত হলেও এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দেশটির অভ্যন্তরীণ সরকার ব্যবস্থা স্বাধীন হলেও নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়গুলো ডেনমার্কই নিয়ন্ত্রণ করে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য ডেনমার্কের সহযোগিতাও অপরিহার্য।
এদিকে, ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রকে আমি সরাসরি বলে দিতে চাই—গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে কথা বলার কোনো মানেই হয় না। ডেনমার্কের কোনো অঞ্চলই অধিগ্রহণ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।’’
আন্তর্জাতিক ডেস্ক 
























