দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে নওগাঁর আত্রাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদী থেকে নিষিদ্ধ দুটি অবৈধ ‘কচ জাল’ জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক বলেন, ‘‘মৎস্য সম্পদ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই জালগুলো মাছের স্বাভাবিক প্রজননে চরম বাধা সৃষ্টি করে। জনস্বার্থে নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার রুখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জব্দকৃত জালের ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘‘কচ জাল মূলত মাছের জন্য এক মরণফাঁদ। এতে মাছের রেনু পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকে নষ্ট হয়ে যায়, যা আমাদের জাতীয় মৎস্য সম্পদের জন্য বিশাল হুমকি। আমরা জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছি।’’
অভিযানে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা সহযোগিতা করেন। পরে জব্দকৃত জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) 




















