সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে উপজেলা শিক্ষক সমিতি (বাশিস) এর উদ্যোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৩ দফা দাবি বাস্তবায়ন ও আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), পীরগঞ্জ উপজেলা শাখা’ আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বক্তারা তাদের ৩ দফা দাবির মধ্যে—
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান,৭৫ শতাংশ হারে উৎসব ভাতা বাস্তবায়ন, চিকিৎসা ভাতা বৃদ্ধি—
অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান।
বক্তারা বলেন, “শিক্ষকদের ন্যায্য আন্দোলন জল কামান বা লাঠিচার্জ দিয়ে দমন করা যাবে না। যৌক্তিক দাবি মেনে না নিলে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।”
কর্মসূচিতে বক্তব্য রাখেন—বাশিসের সভাপতি ও কছিমন নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেনারেল সেক্রেটারি ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা নুরুল আমিন, লালদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হারুন আর ইয়াতিমুল হাসান লিটন,ভীম শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ আল গালিব, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম এবং পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম সরকার প্রমুখ।
এছাড়া একাত্মতা প্রকাশ করেন—উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ এবং পৌর বিএনপির আহবায়ক সাবেক কমিশনার সাইফুল আজাদ।
বক্তারা আরও বলেন, “একদিকে সরকার শিক্ষার মানোন্নয়নের কথা বলছে, অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতার সংকটে মানবেতর জীবনযাপন করছেন। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষা ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় সারাদেশের শিক্ষক সমাজ ক্ষোভ প্রকাশ করে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : 























