মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গিয়ে আটকা পড়েন তিন পুলিশ সদস্য। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়,শনিবার রাতে ধামরাই থানার একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের গর্জনা গ্রামের মো: সামছুল হককে (৭৫) গ্রেপ্তারের জন্য সাটুরিয়া থানার তিন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম,কুতুব উদ্দিন ও হাফিজুর রহমান তার বাড়িতে যান। পুলিশ সদস্যদের আগমন জানতে পেরে সামছুল হক তাকে জামিনের রিকয়েল অর্ডার দেখানোর কথা বলে বসত ঘরে নিয়ে যান এবং দরজা বন্ধ করে দেন।
এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা থানায় বিষয়টি অবহিত করলে সাটুরিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তিন এএসআইকে উদ্ধার করেন। এ ঘটনায় সামছুল হক ও তার পুত্র আমিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন,আদালতের ওয়ারেন্ট তামিল করতে গিয়ে আমার অফিসাররা বাধার সম্মুখীন হন এবং তাদের আটকে রাখা হয়। আমরা অতিরিক্ত বাহিনী নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি এবং আসামী ও তার পুত্রকে গ্রেপ্তার করি। এএসআই হাফিজুর রহমানের দায়ের করা একটি মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
মানিকগঞ্জ প্রতিনিধি 




















