ভোটের মাধ্যমেই আমাদেরকে নির্বাচিত হতে হবে। শক্ত প্রতিপক্ষের সাথে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। আগামী নির্বাচন কঠিন হবে। দিনের ভোট রাতে হবেনা। বিনা ভোটে সাংসদ নির্বাচিত হবে না। নিজেদের মধ্যে ভোটের খেলা হবে না। পাতানো নির্বাচন হবে না। এলাকাবাসী এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেছেন পিরোজপুর ০২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল্ বেরুনী সৈকত। তিনি এ প্রতিনিধির সাথে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টায় রয়েছে। তা ছাড়াও জনরোষের মূখে পতিত স্বৈরাচারের দোসররা দেশে এবং বিদেশে অবস্থান করে নানা মূখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ ষড়যন্ত্রের বিষয়ে তিনি নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
তিনি পিরোজপুর ০২ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা বিগত দিনে স্বৈরাচারের দোসর ছিলো তারা এখন বোল পাল্টিয়ে আমাদের ভিতর ঢুকে পড়ছে। তারা আমাদের ভিতরে ঢুকে আমাদের সাথে মিশে গিয়ে আমাদেরই ক্ষতি করছে। এ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের চোখ কান খোলা রাখতে হবে। আমাদের সামান্য অসাবধানতা আমাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে। তিনি বলেন, সামান্য স্বার্থের কাছে বিক্রি হয়ে আমরা যেন আমাদের শক্রদের অতীত আচরণ ভুলে না যাই। একটানা দীর্ঘ ১৫ বছর ৭ মাস পতিত স্বৈর শাসক দেশের মানুষের সাথে যে দানবীয় আচরণ করেছে তা এ জাতি কখনো ভুলতে পারবে না। আমাদেরকে আওয়ামী লীগের বিপরীতমূখী কাজ করে দৃষ্টান্ত স্হাপন করতে হবে । কিছু অতি উৎসাহী কর্মী সমর্থকদের কারণে গত বছর ০৫ আগস্ট পরবর্তী সময়ে স্হানীয়ভাবে আমাদেরকে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কিন্তু বর্তমানে তৃণমূল কর্মী সমর্থকরা অনেকটা সংযমী এবং নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
তিনি বলেন, পতিত স্বৈরাচার এলাকায় আমাদের নেতাকর্মীদের উপর যে হামলা মামলা দমন-পীড়ন চালিয়েছে তা আমরা কখনোই ভুলতে পারব না। ভোটের অধিকার, কথা বলার অধিকার সবই কেড়ে নেওয়া হয়েছিল। আওমীলীগের স্হানীয় পাতি নেতাদের বেয়াদবী এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, কোনো ভদ্রলোক স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারত না। আল্লাহর বিচার হয়েছে। অবশেষে জালিমরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। তিনি বলেন স্বৈরাচারের দোসররা বিএনপিতে পূনর্বাসন হচ্ছে বলে রিউমার ছড়ানো হচ্ছে। কিছু দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কারা স্বৈরাচার পূনর্বাসন করছে।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধের অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান হচ্ছে। সুতরাং আমাদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের সামনে এখন একটিই টার্গেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিজেরা নিজেরা হবেনা। ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। তাই ভোটারদের কাছে শহীদ জিয়ার আদর্শের বানী পৌঁছে দিতে হবে। আমাদের উদ্দেশ্য এবং ভালো কাজ গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি এলাকার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছে। যেহেতু তাদের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে তাই মনোনীত প্রার্থীকে নিয়ে জনসংযোগ সহজ হয়েছে। কিন্তু বিএনপি একটি বৃহৎ দল। এ দলের পিরোজপুর ০২ আসনে আমি সহ আরও একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। সুতরাং দল যাকে নমিনেশন দিবে আমরা সকলেই তার পক্ষে কাজ করব। কিন্তু এখন আমাদেরকে দলের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রচারনা চালিয়ে যেতে হবে।
তিনি স্হানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ স্মরন করিয়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের সাথে সাথে যাদের ছবি রয়েছে তারা যেন কোনো কমিটিতে স্থান না পায়। দলের দু:সময়ে যারা দলের আদর্শ থেকে বিচ্যুত হয়নি এমন ত্যাগী নেতাদের সামনের সারিতে স্থান দিতে হবে। প্রবীনদের সন্মানের চোখে দেখতে হবে। অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যাবে কিন্তু কটুক্তি থেকে বিরত থাকতে হবে। একজন কর্মী কটুক্তি করলে তার বদনাম দলের উপর বর্তায়। তাই আমাদেরকে শালীনতা বজায় রেখে কথা বলতে হবে। তিনি বলেন, বিএনপির সামনে সু-সময় অপেক্ষা করছে। আমাদের সামান্য ভুল এবং অতি উৎসাহী আচরণের জন্য যেন তা দু:সময়ে পরিনত না হয়। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থানে থাকতে হবে। যারা সালিশ বানিজ্য, মিথ্যা মামলা বানিজ্য, জমি দখলের মত বেআইনী কাজের সাথে যুক্ত তারা বিএনপির আদর্শে বিশ্বাসী নয়। তারা দলের নাম ভাংগিয়ে দলের ক্ষতি করছে। এদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সঠিক ও যোগ্য নেতা নির্বাচন করতে হবে। তাদের মাধ্যমেই দলকে সংগঠিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনের জন্য বিশাল কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সাধারণ জনগণ কারো কাছে দায়বদ্ধ নয়। তারা সঠিক বিচার বিশ্লেষণ করতে জানে। তাদের সাথে আমাদের মিশে যেতে হবে। মনে রাখতে হবে জনগণ বিরুদ্ধে গেলে অন্য কোনো শক্তিই কাজে আসবে না।
পরিশেষে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ প্রতিনিধি : 

























