আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচারাভিযান চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র শক্তি ও জুলাই যোদ্ধারা।
এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজারে তারা পদযাত্রা, লিফলেট বিতরণ ও স্লোগানের মাধ্যমে তাদের অভিপ্রায় ব্যাখ্যা করেন।
প্রচারণায় স্থানীয় নাগরিকদের মধ্যে লক্ষণীয় সাড়া পাওয়া গেছে বলে দাবি করেছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জাতীয় ছাত্র শক্তির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এক প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের এই প্রচারণায় মানুষ খুবই ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা মনে করি, বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি
অবস্থা জারি এবং জরুরি অবস্থায় নাগরিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার হরণ বন্ধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।” তিনি আরও যোগ করেন, “এই গণভোট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং সংকটকালীন অবস্থায় নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে ভূমিকা রাখবে।” প্রচারণায় অংশগ্রহণকারী কর্মীরা বলছেন, তারা মহেশখালী ছাড়াও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম চালিয়ে যাবেন। তাদের দাবি, জরুরি অবস্থার মতো সাংবিধানিক বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে নানা ধরনের প্রচারণা বা মতামত প্রকাশের ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটছে। তবে গণভোটের এই আহ্বান কতটা কার্যকর বা আইনি ভিত্তি রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। উল্লেখ্য, বর্তমান সরকার বা নির্বাচন কমিশন এখন পর্যন্ত এ ধরনের গণভোটের কোনো ঘোষণা দেননি।
আবু হেনা মোঃ আসিফ, মহেশখালী প্রতিনিধি 





















